ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৬:৩৫, ৩০ জুলাই ২০২১

হেলেনা জাহাঙ্গীরের বাসায় মদ-বিদেশি মুদ্রা-হরিণের চামড়া, যা বললেন তার মেয়ে

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার বাসা থেকে আরো উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মদ, বিয়ার, বিদেশি মুদ্রা, চাকু, মোবাইল সেট, ক্যাসিনো সরঞ্জাম, এটিএম কার্ড ও হরিণের চামড়া।

বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে তাকে আটক করা হয়। র‌্যাবের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হেলেনা জাহাঙ্গীরকে আটকের সময় র‍্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকসহ যেসব মালামাল জব্দ করেছে সে বিষয়ে মুখ খুলেছেন হেলেনার মেয়ে জেসিয়া আলম।

বৃহস্পতিবার দিবাগত রাতে গুলশানের বাসায় অভিযান শেষে সাংবাদিকদের কাছে এ বিষয়ে বিস্তারিত বলেন জেসিয়া। মদের বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, আমার ভাইয়া মদ পান করেন। সেগুলোই বাসায় ছিল। তবে ভাইয়ার মদ পানের লাইসেন্স রয়েছে। পাসপোর্টও আছে।

হরিণের চামড়ার বিষয়ে জানতে চাইলে হেলেনার মেয়ে বলেন, ভাইয়ার বিয়ের সময় মায়ের সঙ্গে রাজনীতি করা নেতা-নেত্রীরা মিলে ওইটা গিফট করেছিলেন। সেটি দেয়ালে ঝোলানো ছিল।

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে উদ্ধারকৃত হরিণের চামড়া

ক্যাসিনোর সরঞ্জামাদির বিষয়ে তিনি বলেন, ক্যাসিনোর চিপস সেগুলো। আমরা নিজেরাই খেলতাম আর সময় কাটাতাম। তবে ক্যাসিনো খেলতে যে বোট আর সরঞ্জাম লাগে তা নেই আমাদের। ধরেন বাসায় তাস খেলে না কেউ? সে রকম একটা কিছু আরকি। জাস্ট ক্যাসিনোর চিপগুলো ছিল বাসায়। মানুষ গেম খেলতে পারে না? ও রকম।

বিদেশি মুদ্রার বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, আমরা র‌্যান্ডমলি বিদেশে যাই। একাধিক দেশে আমাদের নিয়মিত যাতায়াত রয়েছে। বিদেশ থেকে আসার পর যে মুদ্রাগুলো বেঁচে যায় সেগুলো তো রাস্তায় ফেলে দিতে পারি না। ওইসব মুদ্রা থেকে গেছে।

গভীর রাতে অভিযান নিয়ে প্রশ্ন তোলেন হেলেনার মেয়ে। বলেন, আমাদের বাসায় ইলিগ্যাল মালামাল রয়েছে মানলাম। তাই বলে ওরকমভাবে অভিযান করা যায়। কোনো ওয়ারেন্ট নেই, সার্চ ওয়ারেন্ট নেই হুট করে ঢুকে গেল আর অভিযান চালাল। কোনো কো-অপারেট নেই।

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে উদ্ধারকৃত মদ, বিয়ার, বিদেশি মুদ্রা, চাকু, মোবাইল সেট, ক্যাসিনো সরঞ্জাম

এর আগে, গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

এরপর, দিবাগত রাত দুইটা থেকে রাত সোয়া ৪টা পর্যন্ত হেলেনা জাহাঙ্গীরে আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়