ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ৩০ জুলাই ২০২১
আপডেট: ০০:১১, ৩১ জুলাই ২০২১

সেফুদার সাথে লেনদেন ছিলো হেলেনা জাহাঙ্গীরের

প্রবাসী আলোচিত সেফাত উল্লাহ বা সেফুদার সাথে হেলেনা জাহাঙ্গীরের যোগাযোগ ছিল বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শুক্রবার বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভাষা ব্যবহার করে সেফুদা দেশবাসীর নজর কাড়তে চেষ্টা করেন তার সাথেও হেলেনা জাহাঙ্গীরের যোগাযোগ ছিল। সেফুদার সাথে হেলেনার নিয়মিত যোগাযোগ এবং লেনদেন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেফুদা তাকে নাতি হিসেবে সম্বোধন করতো বলে হেলেনা জাহাঙ্গীর আমাদের জানিয়েছেন।

তিনি আরও বলেন, হেলেনা জাহাঙ্গীর অপকৌশলে মাদার ‘তেরেসা’, ‘পল্লী মাতা’ ও ‘প্রবাসী মাতা’ হিসেবে পরিচয় পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন।

পরে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

পুলিশ ওই মামলায় পাঁচদিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমান জানান, হেলেনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে পাঠানো হয়। মাদকসহ অন্যান্য যেসব মালামাল জব্দ করা হয়েছে তার ওপর নির্ভর করে আরও মামলা হবে। তবে সেগুলো প্রক্রিয়াধীন।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান শুরু করে র‌্যাব। রাত ১২ টার দিকে অভিযান শেষে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করার বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন।

এদিকে, অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার। জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন। হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি। সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদ থেকেও তাকে অব্যহতি দেয় আওয়ামী লীগ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়