ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ৩ আগস্ট ২০২১
আপডেট: ১৬:১৫, ৩ আগস্ট ২০২১

কর্মস্থলে আসতে শ্রমিক-বাসের হেলপারদের নিতে হবে টিকা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১১ আগস্টের পর থেকে চলাচলের জন্য ১৮ বছরের বেশি বয়সীদের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক করছে সরকার। ১১ তারিখের পর থেকে টিকা ছাড়া চলাচল করলেই শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় তিনি শ্রমিক, পরিবহন শ্রমিকসহ সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ আহ্বান জানান তিনি। 

মোজাম্মেল হক বলেন, '১৪ হাজার কেন্দ্রে একযোগে ভ্যাকসিন দেয়া হবে। সেখানে আমরা বয়স্কদের অগ্রাধিকার দেবো, কারণ বৃদ্ধ লোকদের মৃত্যুঝুঁকি বেশি বলে মনে হয়েছে। একইসঙ্গে শ্রমিক, বাসের হেলপারসহ সবাইকে ভ্যাকসিন নিতে আহ্বান জানাচ্ছি। ভ্যাকসিন ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবে না। ভ্যাকসিনের সার্টিফিকেট থাকতে হবে।’

মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন দিলেই ওয়েবসাইটে চলে যাবে। সেগুলো চেক করা হবে। ভ্যাকসিন দেয়ার পর সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দিয়ে দেব। ভ্যাকসিন নিয়েছে কি না যাচাই করতে পারব। ৭, ৮, ৯ তারিখ সুযোগ রাখলাম। যাতে তারা ভ্যাকসিন নিয়ে ব্যবসা কেন্দ্র খুলতে পারে। সময় বাড়াচ্ছি, ১০ তারিখ পর্যন্ত সুযোগ দিচ্ছি। ১১ তারিখ থেকে যাতে খুলতে পারে সেই সুযোগ রেখেছি।’

টিকাদান সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আগামী ১ সপ্তাহে ১ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ার্ড-ইউনিয়নে ৫ থেকে ৭টা কেন্দ্র করে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। মানুষকে ভ্যাকসিন নিতে দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।’

উল্লেখ্য,  করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। এবার সেই মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।....বিস্তারিত 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়