ঢাকা, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ৬ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৩৫, ৬ আগস্ট ২০২১

তিন দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম দেখা গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়