ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩১, ৬ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৩৭, ৬ আগস্ট ২০২১

ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (৬ আগস্ট) রাতে এক অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা। টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন।

অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নয় উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১১৭ রানে থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস। ১০ রানের জয়ে প্রথমবারের মতো ক্রিকেটের কোনো ফরম্যাটে অজিদের সিরিজ হারানোর কৃতিত্ব অর্জন করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

প্রথম দুই ম্যাচের তুলনায় এদিন অজিরা লড়াই জমিয়ে তুলেছিল। শেষ ৪ ওভারে ৭ উইকেট হাতে রেখে ৩৮ রান দরকার ছিল দলটির। তবে মোস্তাফিজুর রহমানের ম্যাজিক্যাল বোলিংয়ে হার মানতে হয়েছে সফরকারীদের।

১৮তম ওভারে অজিদের পক্ষে দলীয় সর্বোচ্চ ৫১ রান করা মিচেল মার্শকে তুলে নেন শরিফুল। ওই ওভারে অজিরা ১১ রান তুললে শেষ ১২ বলে ২৩ রানের সমীকরণ দাঁড়ায় দলটির সামনে।

এ অবস্থায় ১৯তম ওভারে মাত্র ১ রান খরচ করে ম্যাচ বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন মোস্তাফিজ। ৪ ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও মাত্র ৯ রান করেছেন তিনি। সর্বাধিক ২ উইকেট নিয়েছেন শরিফুল। ১টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও সাকিব আল হাসান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহর ফিফটিতে ৯ উইকেটে ১২৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৫৩ বলে ৪ চারে ৫২ রান করেন। এ ছাড়া সাকিব ২৬, আফিফ হোসেন ১৯ ও নুরুল হাসান সোহান ১১ রান করেন।

বোলিংয়ে অজিদের পক্ষে অভিষেকেই হ্যাটট্রিক করেন নাথান এলিস। ৩ উইকেট নিয়ে তিনিই সবচেয়ে সফল। ২টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।

ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়