ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ১১ আগস্ট ২০২১
আপডেট: ১৪:১৯, ১১ আগস্ট ২০২১

বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফাইল ছবি

ফাইল ছবি

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে ফরিদপুর জেলার সদরপুর থেকে গ্রেফতার করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম ইমরান হোসেন ওরফে ইমরান। সে সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে। ইমরান দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিল।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চর বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎ দাসকে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান, এমদাদুল হক, কাইয়ুম মিয়া, সাইফুল ইসলাম, রাজন তালুকদার ও নূরে আলম। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো, এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, কামরুল হাসান ও মোশাররফ হোসেন৷

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আটটি আপিল ও সাতটি জেল আপিল করে আসামিরা। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি একসঙ্গে নিয়ে ২০১৭ সালের ৬ আগস্ট রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন। রায়ে দু’জনের মৃত্যুদণ্ড বহাল, ১৫ জনের আমৃত্যু কারাদণ্ড এবং চারজনকে খালাস দেয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার। এছাড়া খালাসপ্রাপ্ত চারজন হলো- সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফা। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়