ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ৭ নভেম্বর ২০২১

করোনায় একদিনে মারা গেলেন আরও ৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১৭৮ জনকে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২ জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে মারা গেছেন একজন করে দুইজন। তাদের মধ্যে একজনের বয়স ছিল ৯১-১০০ বছরের মধ্যে, দুইজনের বয়স ছিল ৬১-৭০ বছরের মধ্যে এবং একজনের বয়স ছিল ৫১-৬০ বছরের মধ্যে।

রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনায় ২৭ হাজার ৮৯৫ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৩৪ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৯০ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫  জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ