ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ৯ নভেম্বর ২০২১

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর

ফাইল ছবি

ফাইল ছবি

মালিক শ্রমিক ফেডারেশনের নেতাদের পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (৯ নভেম্বর) সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধিতে সরকার ডিজেলচালিত যাত্রীবাহী পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করেছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আজ থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিআরটিএ'র মোবাইলকোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে দেশব্যাপী অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মোবাইলকোর্ট পরিচালনার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলেও দু-একটি গণমাধ্যম বিরূপ ও অপমানজনক সমালোচনা করছে, যা প্রত্যাশিত নয়। অন্য দিকে কেউ কেউ পাতানো খেলা বলছে, অনেকেই আঁতাতের গন্ধও খুঁজে পেয়েছেন। যাত্রী কল্যাণ সমিতি নামে একটি ভুয়া সংগঠনও বিষয়টি না জেনে, না বুঝে যা নয় তা সমালোচনা করছে।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, তাহলে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকলে সেটা কি জনগণের জন্য কল্যাণকর হতো? সে ক্ষেত্রে মন্ত্রী মনে করেন, যাত্রী ভোগান্তি কমাতে অতীতের ধারাবাহিকতায় গণমাধ্যমের মূল্যবান পরামর্শ তাদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ।

বিএনপির আমলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ছিল নৈমিত্তিক ঘটনা, সেটা বিএনপি ভুলে গেলেও জনগণ ভুলেনি দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পাঁচ বছরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছিল আটবার। তারা মূল্য কমাতে পারেনি।

ওবায়দুল কাদের আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও দেশে তারা দাম বাড়িয়েছিল। আওয়ামী লীগ গত ১৩ বছরে পাঁচবার মূল্য বৃদ্ধি করলেও পাঁচবার মূল্য হ্রাসও করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের সাত দিনের মধ্যে জ্বালানি তেলের মূল্য হ্রাস করেছিলেন।

এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের নেতৃত্বে এডিবির একটি প্রতিনিধি দল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস কক্ষে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশে এডিবির সহায়তায় যেসব প্রকল্পের কাজ চলমান সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

আইনিউজ/এসডি

জীবিকায় টান, দিশেহারা পরিবহন শ্রমিকেরা

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

Green Tea
সর্বশেষ