Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১২, ১৫ নভেম্বর ২০২১

পাওনা টাকা ফেরত চাওয়ায় খুন হন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা

দিনাজপুরে চাকরির সুবাদে জাকির হোসেনের সঙ্গে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদের (৭২) পরিচয় হয়। ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় শহীদের কাছ থেকে ১২ লাখ টাকা ধার নেন জাকির। সেই পাওনা টাকা ফেরত চাওয়ায় কাল হয় শহীদের। 

পরিকল্পনা অনুযায়ী রাজধানীর শ্যামলীতে জনবহুল সড়কে প্রকাশ্যে শহীদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যাকারী মো. সাইফুল ইসলাম এবং মূল পরিকল্পনাকারী মো. জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, নিহত আনোয়ার শহীদ ছিলেন একজন অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা। তিনি গম গবেষণা কেন্দ্রে ১৯৭৬ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন ও ২০০৮ সালে পরিচালক পদমর্যাদার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সর্বশেষ কর্মস্থল জয়দেবপুর থেকে অবসর নেন। তিনি অত্যন্ত দক্ষতাসম্পন্ন একজন কর্মকর্তা ছিলেন। চাকরি জীবনের সবটুকু সময় গবেষণা কাজে ব্যস্ত ছিলেন তিনি।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, আনোয়ার শহীদ কর্মস্থল ও সামাজিকভাবে অত্যন্ত বন্ধুবৎসল ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৮৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও মাসখানেকের মধ্যে তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তিনি আর বিয়ে করেননি এবং তার কোনো সন্তান নেই। অবসর নেওয়ার আগে ও পরে তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমারে বিভিন্ন সময় দরিদ্র ও অসহায় আত্মীয়-স্বজনকে সাহায্য-সহযোগিতা করতেন বলে জানা যায়।

তিনি বলেন, অবসরের পর থেকে তিনি ছোট বোন ও মামলার বাদী ফেরদৌস সুলতানার সঙ্গে তার কল্যাণপুরস্থ বাসায় থাকতেন। অবসরের পর পেনশনের টাকা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি দিনাজপুর জেলায় একটি জমি কিনে বাড়ি বানান ও ভাড়া দেন। চাকরিতে থাকতে ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত দিনাজপুরে কর্মরত ছিলেন তিনি। সেখানেই তার সঙ্গে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. জাকির হোসেনের পরিচয় হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, গত ১১ নভেম্বর নিহত আনোয়ার শহীদ পূর্ব-পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে শ্যামলীর একটি বাস কাউন্টারে যাবেন বলে বাসা থেকে বের হন। ওই ব্যক্তির সঙ্গে দেখা করে ফিরে আসার সময় শ্যামলীর হলিলেন গলিতে তিনি দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১৫ পর্যন্ত ওই গলির মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে একজন লোক পকেটে হাত ঢুকিয়ে ঘোরাঘুরি করছিল। ভিকটিম আনোয়ার শহীদ প্রধান সড়ক থেকে গলিতে প্রবেশের সঙ্গে সঙ্গে ওই দুর্বৃত্ত তার দিকে এগিয়ে যায় এবং পকেট থেকে ছুরি বের করে ভিকটিমের পেটে আঘাত করে সরে যায়। ভিকটিমকে রাস্তায় পড়ে যেতে দেখে ছুরিকাঘাতের বিষয়টি পথচারীরা বুঝতে পারলে হত্যাকারীকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায়।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নিহত আনোয়ার শহীদের কাছ থেকে বিভিন্ন সময়ে জাকির ১২ লাখ টাকা ধার হিসেবে নেয়। ভিকটিম অবসর গ্রহণের পর ঢাকায় বসবাস শুরু করলেও ঘনিষ্ঠতার সুবাদে জাকিরের সঙ্গে বিভিন্ন বিষয়ে যোগাযোগ হতো।

এক বছর আগে জাকির তার চালের গোডাউন বন্ধক রেখে ২০ লাখ টাকা লোন পাইয়ে দিতে ভিকটিমের সহযোগিতা চায়। ভিকটিম তাকে সহযোগিতা করতে অপারগতা জানায়।

নিহত শহীদ বছরখানেক আগে পাওনা ১২ লাখ টাকা ফেরত দেওয়ার জন্য গ্রেফতার জাকিরকে চাপ দেন। টাকা লেনদেন সম্পর্কে নিহত আনোয়ার শহীদ ও জাকির ছাড়া কেউ জানত না। টাকা যাতে ফেরত দিতে না হয় সেজন্য জাকির গত ৬/৭ মাস ধরে শহীদকে হত্যার পরিকল্পনা করে। জাকির হত্যাকাণ্ডের ৩/৪ মাস আগেও একবার শহীদকে তার পরিচিত ধান/চালের চাতাল শ্রমিক মো. সাইফুলকে দিয়ে পরিকল্পনা করে ঢাকায় হত্যার চেষ্টা করেন।

গ্রেফতার সাইফুল জিজ্ঞাসাবাদে জানায়, সে এক সময় জাকিরের চালের গোডাউন কাজ করত। ৩/৪ মাস আগে জাকির ঢাকায় আসতে বললে সাইফুল ঢাকায় আসে। পরে জাকির সাইফুলকে বলে, একজন লোক আর্থিকভাবে তাকে অনেক বড় ক্ষতি করেছে, তাকে হত্যা করতে হবে। সাইফুল যদি ওই ব্যক্তিকে হত্যা করে তাহলে জাকির সাইফুলকে জায়গাসহ বাড়ি, অর্থ সহায়তা প্রদান করবে এবং আগের দেওয়া টাকা পরিশোধ করতে হবে না।

গ্রেফতার সাইফুল এবং জাকিরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আনোয়ার শহীদকে হত্যার ধারাবাহিক পরিকল্পনা অনুযায়ী, ১১ নভেম্বর সকালে জাকির ও সাইফুল দিনাজপুর থেকে ঢাকায় এসে কল্যাণপুরে একটি আবাসিক হোটেলে অবস্থান করেন।

হোটেলের কক্ষে বসে জাকির এবং সাইফুল ভিকটিমকে হত্যার সর্বশেষ পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় পূর্ব নির্ধারিত সময় এবং স্থানে ভিকটিম জাকিরের সঙ্গে দেখা করতে এলে তারা হত্যাকাণ্ড ঘটায়।

হত্যাকাণ্ডের পর গ্রেফতার জাকির এবং সাইফুল ড্রেস চেঞ্জ করে ফেলে। রাতে জাকির সাইফুলকে ৬০০ টাকা দিয়ে দিনাজপুরে চলে যেতে বলে। নিজেকে সন্দেহ মুক্ত রাখতে ভিকটিমকে দেখতে হাসপাতালেও যায় সে। পরে দিনাজপুরে চলে যায়। পরে তাদের অভিযান চালিয়ে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়