Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৩

৯৯৯ নম্বরে কল দিলেই মিলবে নির্বাচনি সেবা

৯৯৯ নম্বরে কল দিলেই মিলবে নির্বাচনি সেবা।

৯৯৯ নম্বরে কল দিলেই মিলবে নির্বাচনি সেবা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ১২ দিন। এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণা করতে গিয়ে কোনো প্রার্থী যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে যেকোনো নাগরিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলেই নির্বাচনি সেবা পাবেন। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবেন রিটার্নিং অফিসার। 

জননিরাপত্তা বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় জরুরি সেবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৯৯৯-এ কল করার পর নির্বাচনসংক্রান্ত অভিযোগ জানাতে ২ চাপতে হবে। আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ হলে ৯৯৯ কর্তৃপক্ষ কলটি সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারকে সংযোগ করে দেবে। আর আইন-শৃঙ্খলাসংক্রান্ত অভিযোগ হলে সংশ্লিষ্ট থানার ওসি, এসপি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সংযোগ করে দেওয়া হবে। এই কার্যক্রম পরিচালনা করবেন ৯৯৯-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আর তদারকি করবে জননিরাপত্তা বিভাগ। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত ১৮ ডিসেম্বর নির্বাচনসংক্রান্ত আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে। এই সেলের প্রধান সমন্বয়ক জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) এ কে এম টিপু সুলতান, সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছেন এই বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) এস এম রেজাউল মোস্তফা কামাল, সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করবেন যুগ্ম সচিব আবুল ফজল মীর ও হায়াত-উদ-দৌলা খান।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান বলেন, নির্বাচনসংক্রান্ত যেকোনো সমস্যা ৯৯৯-এ জানানো যাবে।

এরপর সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবুল ফজল মীর বলেন, জননিরাপত্তা বিভাগ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। কার্যক্রম পরিচালনা করবে জাতীয় জরুরি সেবা ৯৯৯। অভিযোগের পরিমাণ বেশি হলে কিভাবে সমন্বয় করা হবে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি দেখভাল করবে জাতীয় জরুরি সেবা।
 
আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়