ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৪, ১১ জানুয়ারি ২০২৪

৫ মাস পর আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া 

অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ফাইল ছবি

অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ফাইল ছবি

দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে, আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাঁর এই দীর্ঘযাত্রার সমাপ্তি ঘটতে পারে। জানা গেছে, চিকিৎসা শেষে বৃহস্পতিবার বাসায় ফিরতে পারেন বিএনপির আলোচিত এই নেত্রী।

বুধবার (১০ জানুয়ারি) বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জেড এ জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

২০২৩ সালের ৯ আগস্ট থেকে বিএনপি চেয়ারপার্সন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়। 

এই সিদ্ধান্তের ব্যাপারে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জেড এ জাহিদ হোসেন বলেন, বিএনপির নেত্রীর শারিরীক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে আছেন। এবার পরিস্থিতি বিবেচনা করে তাঁকে বাসায় নেওয়া হচ্ছে। যদিও বাসায় গেলেও খালেদা জিয়াকে ঘনঘন হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন অবস্থায় লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার রক্তনালীতে গত ২৭ অক্টোবর অস্ত্রোপাচার করা হয়। আমেরিকা থেকে তিনজন অভিজ্ঞ ডাক্তার এনে তাঁর অস্ত্রোপাচার করা হয়। বর্তমানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়