ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:০১, ২ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজার সদর হাসপাতালে নগদ ৮ লাখ টাকা দিলেন স্থানীয় মানুষেরা

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট সমৃদ্ধিকরণে নগদ ৮ লাখ ১৩ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন স্থানীয় ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটিসহ প্রবাসী ও স্থানীয় মানুষেরা। 

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। হাসপাতালের পক্ষে আর্থিক অনুদান গ্রহণ করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক।

আর্থিক অনুদান হস্তান্তর করেন ঘড়ুয়া গ্রামের বাসিন্দা- বিএমএ মৌলভীবাজার ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশুদ আহমদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আহমেদ তারেক।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোরশেদসহ সাংবাদিকবৃন্দ। এছাড়াও ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের সংগঠন সেতুবন্ধন-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ঘড়ুয়া গ্রামের সংগঠন- ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি-এর পক্ষ থেকে ৬ লাখ টাকা, সেতুবন্ধন এর পক্ষ থেকে ১ লাখ টাকা, মৌলভীবাজার পৌরসেভার সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমানের পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

মৌলভীবাজার বি.এম.এ ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম.এ আহাদ বলেন, মৌলভীবাজার জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট সমৃদ্ধ ও পরিপূর্ণ করতে এবং মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই আর্থিক অনুদানটি প্রদান করা হয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়