ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

প্রকাশিত: ১৩:৪১, ১৯ এপ্রিল ২০২৬

বাঙালি ভোটারদের গুরুত্বে লেবারের ২৫ দফা ইশতেহার ঘোষণা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

আসন্ন কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে পূর্ব লন্ডনের টাওয়ার হেলমেটে ২৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে লেবার পার্টি। শনিবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করেন দলটির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম এবং কাউন্সিলর প্রার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশনারা আলী, ডন বাটলারসহ স্থানীয় লেবার নেতৃবৃন্দ ও প্রার্থীরা।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি কমিউনিটি দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী ভোটব্যাংক হিসেবে পরিচিত। গত নির্বাচনে প্রায় দুই লাখ ভোটারের মধ্যে প্রায় ৩৩ শতাংশই ছিলেন বাঙালি ভোটার। ফলে নির্বাচনের ফল নির্ধারণে এই ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে ঘোষিত ইশতেহারে সুশাসন, আবাসন, শিক্ষা, নিরাপত্তা, পরিবেশ, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সংহতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

ইশতেহারের প্রধান প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—

২০৩০ সালের মধ্যে ৫ হাজার সামাজিক আবাসন নির্মাণ বা পুনঃক্রয়।
কাউন্সিল ভাড়া বৃদ্ধির সীমা ২.৫ শতাংশে নির্ধারণ।
প্রথম দুই বছর কাউন্সিল ট্যাক্স স্থির রাখা।
পাড়াভিত্তিক নিরাপত্তা জোরদার ও সিসিটিভিতে বিনিয়োগ।
শিক্ষার্থীদের জন্য টিউশন সহায়তা এবং বিনামূল্যে স্কুল খাবার চালু রাখা।
বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে হোমকেয়ার সেবা অব্যাহত রাখা।

এছাড়াও বৈশাখী মেলা এবং ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল পুনরুজ্জীবনের ঘোষণা দেওয়া হয়েছে। নারী ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্যবিরোধী ১৫ বছর মেয়াদি পরিকল্পনা এবং অংশগ্রহণমূলক বাজেটের মাধ্যমে জনগণের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করার অঙ্গীকারও করা হয়েছে।

মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, “এই ইশতেহার টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের চাহিদা, ন্যায্যতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। নির্বাচিত হলে নিয়মিত পরামর্শ সভা এবং প্রতি তিন মাস অন্তর ‘মেয়রকে জিজ্ঞাসা করুন’ কর্মসূচি চালু করা হবে।”

বর্তমানে অ্যাসপায়ার দলের নিয়ন্ত্রণে থাকা এই কাউন্সিলে আগামী ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। লেবার নেতারা আশা প্রকাশ করেছেন, বাঙালিসহ সব সম্প্রদায়ের ভোটাররা তাদের সমর্থন দিয়ে লেবার প্রার্থীদের বিজয়ী করবেন।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়