ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

প্রকাশিত: ০৫:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৮:৩৬, ৬ সেপ্টেম্বর ২০১৯

শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আরো ৭১ রান যোগ করে নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রানে থামল আফগানিস্তান। এ লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। কিন্তু প্রথম ওভারেই উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ।

প্রথম ওভারের চার বলের মাথায় কট দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাদমান ইসলাম। রান করেন শূন্য।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এক ওভার এক বলে এক উইকেট হারিয়েও বাংলাদেশ দলের রানের খাতা শূন্য।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

দিনের শুরুতেই আসগর আফগানকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। সেঞ্চুরি বঞ্চিত সাবেক এই অধিনায়ক ১৭৪ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৯২ করে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন। পরে ৪১ রানে থাকা আফসার জাজাইকে বোল্ড করেন এই বাঁহাতি।

কাইস আহমেদকে মুমিনুল হকের ক্যাচ বানিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ইয়ামিন আহমেদজাইকেও ফেরান সাকিব। তবে ভয়ঙ্কর হয়ে ওঠা আফগান অধিনায়ক রশিদ খানকে বিদায় করে প্রতিপক্ষের ইনিংসের সমাপ্তি ঘটান মেহেদি হাসান মিরাজ। ৬১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ করে রশিদ।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ৪টি, নাঈম হাসান ও সাকিব দুটি, আর মাহমুদউল্লা ও মিরাজ একটি করে উইকেট পান।

এর আগে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল আফগানরা। প্রথম দিন রহমত শাহ’র সেঞ্চুরিতে (১০২) বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়ে আফগানরা। আর ৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আসগর আফগান। ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন আফসার জাজাই।

প্রথম দিন বাংলাদেশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। একটি উইকেট পান মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসানকে হটিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেটের মালিক হন তাইজুল।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়