ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

প্রকাশিত: ১১:৫৭, ৩ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:০৫, ৩ সেপ্টেম্বর ২০১৯

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ভুয়া নোট

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট রিলিজ করেনি বাংলাদেশ ব্যাংক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার নোটের যে ছবি ঘুরতে দেখা যাচ্ছে, তা ভুয়া।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্তও আপাতত নেই । ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনও নোট বাংলাদেশ ব্যাংক ছাপেনি। ফেসবুকে যে ছবি দেখা যাচ্ছে তা ভুয়া নোটের ছবি। বর্তমানে কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনও নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বর্তমানে বাজারে রয়েছে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ , ৫০০ ও ১০০০ টাকার নোট। এগুলোর কোনোটিতেই প্রধানমন্ত্রীর ছবি নেই।

বাজারে ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের কয়েন

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রচলিত নোট ও কয়েনের পাশাপাশি স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে। লেনদেনের জন্য এখন পর্যন্ত বিভিন্ন মানের ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের কয়েন বাজারে ছাড়া হয়েছে। আবার দেশের বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এখন পর্যন্ত ছয় ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। আর স্মারক কয়েন তৈরি করেছে ১২ ধরনের।

জানা যায়, স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নোট ছাপা হয়। ১৯৭২ সালের ২ জুন প্রথম বাজারে ছাড়া হয় ১০ টাকার নোট। এরপর ধীরে ধীরে বাজারে আসে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট। এর প্রায় সবই বাজারে আসে ১৯৭২-৭৬ সালের মধ্যে। চাহিদার পরিপ্রেক্ষিতে ১৯৭৯ সালে ২০ টাকার নোট ও ১৯৮৮ সালে ২ টাকার নোট ছাড়া হয়। ২০০৮ সালে প্রথম বাজারে আসে ১০০০ টাকার নোট।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ১, ৫, ১০ ও ১০০ টাকার চার ধরনের নোট বাতিল করে বাজার থেকে তুলে নিয়েছে।

টাকার নোটে বারবার নকশা পরিবর্তন হলেও কয়েনের নকশায় সেভাবে এত পরিবর্তন আসেনি। ৫০ পয়সার কয়েনে দুবার ও ১ টাকার কয়েনের তিনবার নকশা পরিবর্তন হয়েছে। এর মধ্যে রুপালি রঙের ১ টাকার কয়েন বাজারে ছাড়া হয়।

১৯৯৬ সালে প্রথম ৪০ টাকার স্মারক নোট ছাড়া হয় স্বাধীনতার ২৫ বছর পূর্তি উপলক্ষে। ২০১২ সালে ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ৬০ টাকার স্মারক নোট ছাড়া হয়। ২০১৩ সালে টাকা ছাপাখানার ২৫ বছর পূর্তি ও জাতীয় জাদুঘরের ১০০ বছর পূর্তি উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

২০১৮ সালের মার্চ মাসে পদ্মা বহুমুখী সেতু ও বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে ৭০ টাকার স্মারক নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

Green Tea
সর্বশেষ