ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ১৫ ডিসেম্বর ২০২২

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

১৬ ডিসেম্বর বাঙালীর মহান বিজয় দিবস।

১৬ ডিসেম্বর বাঙালীর মহান বিজয় দিবস।

আগামীকাল ১৬ ডিসেম্বর। বাঙালীর স্বাধীনতার ইতিহাসে মহান বিজয় দিবস হিসেবে এই দিনটি পরিচিত। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ডিসেম্বরের ১৬ তারিখ চূড়ান্ত বিজয় লাভ করে বাংলাদেশ। কিন্তু এই নয় মাসে স্বাধীনতার মূল্য হিসেবে দিতে হয় ৩০ লাখ মানুষের রক্ত। ১৬ ডিসেম্বর ফুলেফুলে সেইসব বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতী। এজন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধও।

এরই মধ্যে সাভারের নবীনগরে অবস্থিত পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। প্রায় দেড় মাস ধরে পুরো সৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে ও রং-তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। এছাড়া আলোকসজ্জাসহ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত।

এদিকে এক প্রহর পর জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশি কূটনীতিকরা।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দেখা যায়, ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা, সিঁড়ি রং-তুলির আঁচড়ে সাজিয়ে তোলার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়েছে। এখন চলছে শেষ মহূর্তের প্রস্তুতি।

প্রায় দেড় মাস ধরে স্মৃতিসৌধের প্রধান ও দ্বিতীয় ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ডিভাইডারসহ স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা এবং সিঁড়িতে রং-তুলির আঁচড়ে নতুনত্বের রূপ দেওয়া হয়েছে। পুরো সৌধ প্রাঙ্গনের ভেতরে বাহারি ফুলের চারা দিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। রংবেরঙের বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে।

এছাড়া লেকের পাড় সংস্কারের পাশাপাশি পানি পরিষ্কার করার কাজ শেষ হয়েছে। সৌধ এলাকার চারদিকে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত ৪ ডিসেম্বর থেকে সৌধ এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তার ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সৌধ এলাকাসহ মহাসড়কে প্রায় ৩ হাজার ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা স্থাপনসহ গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়