Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ৩ আগস্ট ২০২৩

ঢাকা ওয়াসার এমডি পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পেলেন তাকসিম

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান। বৃহস্পতিবার (০৩ আগস্ট) উপ-সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো। আগামী ১৪ অক্টোবর তাকসিমের বর্তমান মেয়াদ শেষ হবে। ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা ওয়াসা ১৯৯৬ সালে পাস হওয়া ওয়াসা অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হয়। এ আইনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক। ওয়াসা বোর্ডের সুপারিশ অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এই পদে নিয়োগ দেয় সরকার। কিন্তু একই ব্যক্তি একই পদে সর্বোচ্চ কতবার বা কত বছর নিয়োগ পেতে পারেন, এ বিষয়ে আইনে কিছু বলা নেই।

আইনিউজ/ইউএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়