আই নিউজ প্রতিবেদক
আগস্টে বেড়েছে রফতানি
ছবি- সংগৃহীত
চলতি ২০২৩-২৪ অর্থবছরের আগস্ট মাসে রফতানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এই মাসে মাসে বিভিন্ন পণ্য রফতানি করে সব মিলিয়ে ৪৭৮ কোটি ২২ লাখ ডলার আয় করেছেন বাংলাদেশের রফতানিকারকরা। যা গত বছরের আগস্টের চেয়ে ৩ দশমিক ৮০ শতাংশ বেশি। গত বছরের আগস্টে আয় হয়েছিল ৪৬০ কোটি ৭০ লাখ ডলার।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার রফতানি আয়ের হালনাগাদের প্রকাশিত তথ্যে এমন কথা বলা হয়েছে। যদিও রফতানি আয়ের এই পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৮১ শতাংশ কম। আগস্ট মাসে রফতানি আয়ের লক্ষ্য ধরা ছিল ৪৮৭ কোটি ডলার।
দুই মাসের হিসাবে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) পণ্য রফতানি থেকে আয় হয়েছে ৯৩৭ কোটি ৫১ লাখ ডলার, যা গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ১২ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেশি এসেছে দশমিক ২৬ শতাংশ। গত অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে আয় হয়েছিল ৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রা ধরা ছিল ৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, তৈরি পোশাক ছাড়াও জুতা, প্লাস্টিক পণ্য ও হস্তশিল্পের রফতানি চলতি অর্থবছরে বেড়েছে। অন্যদিকে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, বাইসাইকেলসহ প্রকৌশল পণ্যের রফতানি কমেছে।
জুলাই-আগস্ট সময়ে দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প থেকে এসেছে প্রায় ৮ বিলিয়ন (৭৯৯ কোটি ৮৬ লাখ) ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৪৬ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে নিট পোশাক রফতানি থেকে এসেছে ৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক শূন্য দুই শতাংশ। ওভেন পোশাক থেকে এসেছে ৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার, গত বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ।
গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছিল ৭ দশমিক ১১ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রা ধরা ছিল ৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।
ইপিবির হিসাব বলছে, জুলাই-আগস্ট দুই মাসে মোট রফতানি আয়ের ৮৫ দশমিক ৩১ শতাংশই এসেছে তৈরি পোশাক রফতানি থেকে। তবে চামড়া, পাট, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও কৃষি পণ্যসহ অন্য সব খাতেই রফতানি আয় কমেছে।
তবে এই দুই মাসে ওষুধ রফতানি থেকে আয় ১৪ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। প্লাস্টিক পণ্য রফতানি থেকে আয় বেড়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে পণ্য রফতানি থেকে ৬২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। এর মধ্যে ৮৪ দশমিক ৩০ শতাংশ (৫২ দশমিক ২৭ বিলিয়ন) ডলার তৈরি পোশাক থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে পণ্য রফতানি থেকে সব মিলিয়ে ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার আয় করেছিল বাংলাদেশ। এর মধ্যে ৪৭ বিলিয়ন ডলারই এসেছিল তৈরি পোশাক থেকে।
প্রসঙ্গত, দেশে গত আগস্টে সব মিলিয়ে প্রায় ১৬০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫৬ শতাংশ কম। গত বছরের আগস্টে প্রবাসী আয় এসেছিল ২০৪ কোটি ডলার।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























