Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ১০ সেপ্টেম্বর ২০২৩

বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: কাদের 

ওবায়দুল কাদের। পুরোনো ছবি

ওবায়দুল কাদের। পুরোনো ছবি

আওয়ামী লীগ জনগণের শক্তিকে নিয়ে আগামী নির্বাচনে যাচ্ছে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দল নয়, সাম্প্রদায়িক ও অপকর্মের দল নয়। আমা‌দের শক্তি জনগণ। সেই শক্তিকে নিয়েই আগামী নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ। অপরদিকে বিএনপি মনোনয়ন বাণিজ্যের জন্য তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনায় যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কা‌দের বলেন, কে নিষেধাজ্ঞা দিলো, কে ভিসানীতি প্রয়োগ করল; এসবে আওয়ামী লীগ ভয় পায় না। ড. ইউনূস আমাদের সুখে দুঃখে নেই। তাকে আপন মানুষ ভাববো কেমন করে? যে বিবৃতি তিনি ছাপিয়েছেন তার খরচ দুই মিলিয়ন ডলার। কোথা থেকে এলো এত টাকা?

সাধারণ সম্পাদক ব‌লেন, ড. ইউনূসের ওপর ভর করেছে বিএনপি। ওয়ান ইলেভেনের মতো নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠনের দিন চলে গেছে। বাংলাদেশের মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে। দেশের ৭০ পার্সেন্ট মানুষ শেখ হাসিনার পক্ষে।

বর্ষীয়ান এই রাজনী‌তিক বলেন, আগামী নির্বাচন বলে দেবে কে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে থাকবে। বুঝে-শুনে সিদ্ধান্ত নিন। নির্বাচনে আসেন। মোকাবিলা হবে ইলেকশনে। ফাইনাল খেলা ইলেকশনে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছি‌লেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

পরে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়