Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ৭ জুলাই ২০২৪

কোটা বাতিলের দাবিতে আজ সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে ২০১৮ সালে দেশজুড়ে ছাত্র আন্দোলনের মুখে সেসময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার। যদিও পরে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা। চলতি বছর আবার শুরু হয়েছে ছাত্র-ছাত্রীদের কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার (০৭ জুলাই) সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। 

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে দেশের যোগাযোগের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ করার আহ্বান জানানো হয়েছে। ফলে এবারের কোটাবিরোধী আন্দোলনও বড় সংগ্রামে রূপ নিতে যাচ্ছে বলে অনেকের ধারণা। 

সরকারি চাকরিতে কোটা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল ৩টা থেকে চাকরিপ্রত্যাশীসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা এগোতে থাকলে পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে মেট্রোরেলের স্টেশনের কাছে অবস্থান নেয়। ৪৫ মিনিট অবস্থানের পর তারা বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ ছাড়লে যানচলাচল স্বাভাবিক হয়। 

এর আগে গতকাল বিকেল ৩টায় শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে আন্দোলনস্থলে আসেন। তবে আন্দোলনে আসতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। 

এদিকে, আজ রোববারের মধ্যে সরকারের প্রতিক্রিয়া না পেলে হরতাল কর্মসূচিতেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম। 

তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) বিকেল ৩টা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি হবে। শুধু শাহবাগ মোড় নয়, সায়েন্সল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরে শিক্ষার্থীরা জেলায় জেলায় মহাসড়ক অবরোধ করবেন।’

এদিকে কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান অবরোধ এবং বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখান থেকে আজ রোববার বিকেল ৩টা থেকে তিন ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে  ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। পরে ১২টার দিকে তারা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকে দুপুর ১টা পর্যন্ত প্যারিস রোডে অবস্থান নেন। 

এদিকে বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারও শিক্ষার্থী পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর ষোলশহর ও দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন।

গতকাল বিকেলে খুলনা নগরীর শিববাড়ী মোড়ের ৭টি পয়েন্টে অবস্থান নিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়