Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ৭ জুলাই ২০২৪

রাজধানীতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির বিক্ষো/ভ মিছিলে বন্ধ যান চলাচল

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। ছবি- সংগৃহীত

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ ৪ দফা দাবি আদায়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। হাজারো শিক্ষার্থীদের পদচারণায় মুখর ঢাকার রাজপথ। বন্ধ হয়ে গেছে যান চলাচল। 

রোববার (০৭ জুলাই)  বিকেল ৩টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। তারা শাহবাগ মোড় অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। তবে শাহবাগ মোড়ের ওপর দিয়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়েছে। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। এরপর একে একে শাহবাগ মোড়ের চারটি রাস্তা বন্ধ করে দেন। 

মিছিলে শিক্ষার্থীরা ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ প্রভৃতি বলে স্লোগান দিচ্ছেন। আন্দোলনে বাধা না দিলেও ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে জড়ো হয়েছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড় বন্ধ করে রাখায় শাহবাগের আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এমনকি মোড় বন্ধ করে দেওয়ার আগে যেসব গাড়ি শাহবাগের আশপাশে অবস্থান করছিল সেগুলোও আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এর আগে, বেলা আড়াইটার পর থেকে শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বিভাগের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-ছাত্রীরা আসতে থাকেন। সোয়া তিনটার দিকে গ্রন্থাগারের সামনের সড়ক জনসমুদ্রে পরিণত হয়।

শিক্ষার্থীদেরা ৪ দফা দাবিগুলো হলো—
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।

২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যাতীত)।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

এদিকে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচিও পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করা হচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়