ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ১৮ জুন ২০২০
আপডেট: ২০:১৮, ১৮ জুন ২০২০

ডা. রকিব হত্যাকাণ্ডে তিন আসামিসহ ৪ জন গ্রেপ্তার

খুলনায় ডা.  রকিবকে হত্যার ঘটনায় তিন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুরের টঙ্গী ও খুলনার রূপসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল। ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- জমির, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজা।

গত ১৪ জুন খুলনার মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে সিজারের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে ১৫ জুন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানকার চিকিৎসকরাও রোগীর রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে ১৫ জুন রাতে শিউলী বেগম মারা যান।

সেইদিন রাতে রোগীর স্বজন কুদ্দুস, আরিফ, সবুরসহ কয়েকজন নারী রাইসা ক্লিনিকের পরিচালক ডা. রকিবকে লাথি, ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে তার মাথার পেছনে জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন তার মৃত্যু হয়।

এই ঘটনার জেরে খুলনায় সব সরকারি-বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিব খানকে (৫৯) হত্যার ঘটনায় সব আসামি গ্রেপ্তারসহ বেশকিছু দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে এ কর্মবিরতি পালিত হচ্ছে।

আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারে সোপর্দ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়