ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ২০ জুন ২০২০

শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন কামাল লোহানী

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক এই সভাপতির মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

স্বাস্থ্যবিধি মেনে শনিবার বিকেল ৪টার দিকে কামাল লোহানীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর তোপখানা রোডে উদীচী কার্যালয়ে নেয়া হয়। 

এর আগে রাজধানীর শেখেরটেকের কোয়ান্টাম ফাউন্ডেশনে তার মরদেহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী গোসল করানো হয়। সেখান থেকে আনা হয় উদীচী কার্যালয়ে।

এ সময় উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ারসহ কমিটির নেতৃবৃন্দ, কামাল লোহানীর পরিবারের সদস্য এবং তার শুভানুধ্যায়ীরা তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

উদীচী, জাতীয় শ্রমিক জোট, ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি, বিবর্তন সাংস্কৃতিক ফোরাম, কেন্দ্রীয় খেলাঘর, হাতেখড়ি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, নবনাট্য সংঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সিপিবি কেন্দ্রীয় কমিটি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি কামাল লোহানীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের শেষ পর্যায়ে উদীচীর পক্ষ থেকে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’, ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’, ‘কে বলেছে হয়না’ এবং ‘ও আলোর পথযাত্রী’ গানগুলো। 

এরপর তার মরদেহবাহী গাড়িটি জাতীয় পতাকা এবং উদীচীর পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। তার মরদেহ দাফনের জন্য নেয়া হচ্ছে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।

এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৮ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে গত ১৭ মে সকালে তাকে একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়