ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:২২, ২২ জুন ২০২০

পিছিয়ে গেল ঢাকা লিট ফেস্টের দশম আসর

করোনাভাইরাসের কারণে ঢাকা লিট ফেস্টের দশম আসর অনুষ্ঠিত হচ্ছে না। ২০২১ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ফেস্টটি। করোনার কারণে জনপ্রিয় এই আয়োজনের দশম আসর ২০২২ সালে অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্‌ ও আহসান আকবার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরু থেকেই শীতকালীন জনপ্রিয় একটি বার্ষিক আয়োজন ছিল ঢাকা লিট ফেস্ট। সবার জন্য উন্মুক্ত থাকায় প্রতি বছরই লিট ফেস্টে ব্যাপক জনসমাগম হতো। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত নবম লিট ফেস্টে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক আসরে বৈচিত্র্যময় অনুষ্ঠান ও দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতি থাকতো এই সম্মেলনে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আমরা আমাদের আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত। এ কারণে আমরা দুঃখের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে আমাদের দশম আসরটি ২০২১ সালের জানুয়ারির পরিবর্তে ২০২২ সালে অনুষ্ঠিত হবে।

দীর্ঘ নয় বছরের এই আয়োজনে অংশ নিয়েছেন অসংখ্য রথী-মহারথী লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ঢাকা লিট ফেস্ট বাংলাদেশের একমাত্র আয়োজন, যেখানে নোবেল বিজয়ী কথা সাহিত্যিক ভিএস নাইপল, জীববিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমাস অংশ নেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়