ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২০:১৯, ২৫ জুন ২০২০

পরিবর্তন আসছে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নামে

পাল্টে যাচ্ছে ত্বক ফর্সা করার ক্রিম  ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নাম। বৃহস্পতিবার হিন্দুস্তান ইউনিলিভার জানিয়েছে, ক্রিমের নামের ক্ষেত্রে তারা ফেয়ার শব্দটা বাদ দেবে। কোম্পানিটি বিবৃতিতে বলেছে, ‘সৌন্দর্যের ধারণায় আরও গ্রহণযোগ্যতা আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বর্ণবাদ আর শ্বেতাঙ্গ আধিপত্যবাদ নিয়ে যখন যুক্তরাষ্ট্রসহ বাকি বিশ্ব তোলপাড় সেই প্রেক্ষিতে বারবার উঠে আসছে বিভিন্ন কোম্পানির রঙ ফর্সা করার ক্রিমের নাম। এক্ষেত্রে বেশি সমালোচনা হচ্ছে ইউনিলিভারকে নিয়ে। কারণ রঙ ফর্সা করার সবচেয়ে জনপ্রিয় ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলীর উৎপাদন ও বিপণন করে এই কোম্পানি।

এই বিষয়টি  ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডও (ইউবিএল) বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। তারা বলছে, ‘সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ফেয়ার অ্যান্ড লাভলি নাম থেকে ফেয়ার শব্দটি বাদ দেবে কোম্পানিটি। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে নামটি পরিবর্তিত হবে বলে আশা করা যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত দশকে ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনী প্রচারণায় নারী ক্ষমতায়নের বার্তাটি তুলে ধরা হয়েছে। ব্র্যান্ডটির লক্ষ্য সৌন্দর্যের ক্ষেত্রে এমন একটি সামগ্রিক পন্থা অবলম্বন করা, যেটি অবশ্যই সার্বজনীন ও বৈচিত্র্যময় এবং সবখানে সবার কথা মাথায় রাখে। সব ধরনের গায়ের রঙ নিয়ে কথা বলতে ব্র্যান্ডটি প্রতিশ্রুতিবদ্ধ।

ইউনিলিভার বাংলাদেশে ৫৫ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের প্রতি ১০টি পরিবারের ৯টিতেই ইউনিলিভারের পণ্য কেনা হয় বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়