ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

প্রকাশিত: ২০:২৩, ২৭ জুন ২০২০
আপডেট: ২৩:২৮, ২৭ জুন ২০২০

চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হবে সরকার: খাদ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে অপচেষ্টার মাধ্যমে চালের দাম বাড়ানো হলে সরকার কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, প্রয়োজনে সরকারিভাবে চাল আমদানির ব্যবস্থা করা হবে।

শনিবার নওগাঁ জেলার পোরশা উপজেলা কৃষি ও বন বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

এ সময় খাদ্যমন্ত্রী চালকল মালিকদের উদ্দেশ্যে বলেন, করোনাকালীন সময়ে মানবতার সেবায় এগিয়ে আসুন। আপনারা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ। নির্দিষ্ট সময়ের মধ্যে চাল সরকারি গুদামে জমা দেবেন। এখন ভরা মৌসুম। এ সময়ে চালের দাম বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। এ করোনাকালীন অপপ্রচেষ্টার মাধ্যমে যদি চালের মূল্য বাড়ানো হয়, তাহলে সরকারিভাবে চাল আমদানি করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের এক ইঞ্চি জমিও যেন পতিত পড়ে না থাকে- প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রতি ইঞ্চি জমি যেন চাষাবাদ করা হয়। সেই আলোকেই এ অনুষ্ঠানের মাধ্যমে গাছের চারা ও সবজির বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

এ ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পোরশা উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পোরশা উপজেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়