ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:৫১, ৫ জুলাই ২০২০
আপডেট: ১৯:২৬, ৫ জুলাই ২০২০

ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের সদস্য হলেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দীন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত 'বাংলাদেশ ডেল্টা প্লান- ২১০০' বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি।

১২ সদস্যের কমিটিতে রয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য, শাহাব উদ্দিন আহমদ। সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

'ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল' কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপার্সন এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। নয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সদস্য করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কাউন্সিল বাংলাদেশ ডেল্টা প্ল্যান- ২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা দেবে।

এই কমিটি বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান হালনাগাদকরণ দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর বিনিয়োগে পরিকল্পনা প্রণয়নে নীতি নির্ধারণ ও নির্দেশনা প্রদান এবং ডেল্টা ফান্ড গঠন ও ব্যবহারে দিক-নির্দেশনা প্রদান করবে।

এদিকে বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত কমিটির অন্যতম সদস্য মনোনীত হওয়ায় নিজ জেলা মৌলভীবাজার এবং সংসদীয় আসন বড়লেখা ও জুড়ীর দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও পরিবেশ মন্ত্রীর ছবি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ছাড়াও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবু ইমাম কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ উদ্দিন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়