ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩, ৮ জুলাই ২০২০

চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক রাশীদ উন নবী বাবু

দেশের বিশিষ্ট সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী বাবু আর নেই। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার কিছু আগে পান্থপথের বিআরবি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাশীদ উন নবী বাবুর মেয়ে ফারাহ আনিকা অনন্যা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী বাবু গুরুতর অসুস্থ অবস্থায় বিআরবি হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গেছে শনিবার থেকে তিনি অচেতন অবস্থায় ছিলেন।

গত বছরের এপ্রিলে সাংবাদিক বাবুর অগ্নাশয়ে ক্যানসার ধরা পড়লে প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসা চলে। এরপর মে মাসে তাকে ভারতের তামিলনাড়ুর ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে (সিএমসি) নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসার পর তাকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই মাস কেমোথেরাপি দেওয়ার পর তার অস্ত্রোপচার হয়।

চিকিৎসা শেষে এক পর্যায়ে বাংলাদেশ ফিরলেও শারীরিক অবস্থার ততটা উন্নতি হয়নি বরং ক্যানসার শরীরে ছড়িয়ে পড়ে। হঠাৎ শারীরিক মারাত্মক জটিলতা তৈরি হলে গত দুই মাসে চারবার তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।

৪৫ বছরের সাংবাদিকতা জীবনে সাংবাদিক রাশীদ উনি নবী বাবু দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব, সাপ্তাহিক পূর্ণিমাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই  বিশিষ্ট সাংবাদিক বগুড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন।

তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক আমার দিন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়