ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:২৫, ১৩ জুলাই ২০২০

করোনার কারণে আটকে আছে পাপিয়ার দুই মামলার তদন্ত

করোনা মহামারির কারণে আটকে আছে আলোচিত শামীমা নূর পাপিয়ার দুই মামলার তদন্ত। একটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হলেও বাকি দুটি মামলার তদন্ত কার্যক্রম থমকে আছে।

গত ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে দুই সহযোগী ও স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনসহ পাপিয়াকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকা মূল্যমানের জাল মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। একদিন পর ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে দুটি অবৈধ অস্ত্র, ২০ রাউন্ড গুলি, বিদেশি মদসহ আরও দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এসব ঘটনায় বিমানবন্দর থানা ও শেরে বাংলানগর থানায় বিশেষ ক্ষমতা আইন, মাদক ও অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের করে র‌্যাব। মামলাগুলো প্রথমে থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করলেও পরে তা র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত সংস্থা র‌্যাবের কর্মকর্তারা বলছেন, পাপিয়াকে তিন মামলায় গত মার্চে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছিল র‌্যাব। কিন্তু রিমান্ডে থাকা অবস্থায় পাপিয়ার করোনা উপসর্গ দেখা দেওয়ায় পাঁচ দিনের মাথায় তাকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পাপিয়া বর্তমানে গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শরীফুল্লাহ বুলবুল বাংলা ট্রিবিউনকে বলেন, পাপিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। বাকি দুটি মামলার তদন্ত এখনও চলছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তাকে আবারও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। একইসঙ্গে দ্রুত মামলা দুটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়