ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ১৯ জুলাই ২০২০

বিএনপি নেতার অসত্য বক্তব্যে প্রবাসীসহ জাতি ক্ষুব্ধ: কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি নেতা অসত্য বক্তব্য দিয়ে লাখ লাখ প্রবাসীকে অস্বস্তিতে ফেলেছেন। তার এ বক্তব্যে ইতালি প্রবাসীসহ পুরো জাতি ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।

রোববার রাজধানীতে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মন্ত্রী। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বৈশ্বিক এ সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। ইতালি প্রবাসী বিএনপির এক নেতার দেশবিরোধী অসত্য বক্তব্যে প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

বাংলাদেশে নাকি ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত, দেশে কোন চিকিৎসা নেই। ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে, যারা ইতালি যাচ্ছে তাদের কাছে নাকি ভূয়া রিপোর্ট রয়েছে- এমন মিথ্যাচারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের।তিনি বলেন, বিএনপি নেতাদের এ ধরনের মিথ্যা বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে ছোট করা হচ্ছে। লাখ লাখ প্রবাসীকে অস্বস্তিতে ফেলছে বিএনপি নেতারা। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশে-বিদেশে যে ষড়যন্ত্রের রাজনীতি করে সেটা আবারো প্রমাণিত হলো। বিএনপি নেতারা বৈশ্বিক এ সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত- এটা কোনোভাবেই কাম্য নয়। সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে। এভাবে মিথ্যাচারের কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

সেতুমন্ত্রী বলেন, কিছু লোকের অবহেলা ও তথ্য গোপনের কারণে দুই-তিন দেশের প্রবাসী ভাই-বোনেরা অস্থিরতায় পড়েছেন। বিদেশে যেতে চাইলে সরকারের নতুন সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত ১৬টি প্রতিষ্ঠান থেকে করোনার সনদ গ্রহণ করতে হবে। প্রতিটা বিদেশগামী ভাই-বোনকে করোনা পরীক্ষা করেই সনদ গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। 

দুটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ কিছুটা কমছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই পরিস্থিতিতে নমুনা সংগ্রহের পর যাতে রেজাল্ট দিতে দীর্ঘ সময় না লাগে সেজন্য ল্যাবগুলোকে মনোযোগ দিতে হবে। একদিকে যেমন নমুনা সংগ্রহ করার জন্য এর আওতা বাড়ানো জরুরি তেমন স্বল্প সময় রিপোর্ট দেয়াও জরুরি।  

তিনি বলেন, অসহায় দরিদ্র মানুষ ফি দিয়ে পরীক্ষা করাতে পারছে না। করোনার কারণে এখন মানুষ কর্মহীন, তাই তাদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষার সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি। 

সারাদেশে বিভিন্ন স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। সরকারি ও এমপিওভুক্ত ছাড়া বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। এ সংকটকালে তাদের বেতন-ভাতা দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়