ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৫৩, ২০ জুলাই ২০২০

যাত্রী স্বার্থের বিরুদ্ধে গেলেই ব্যবস্থা: সেতুমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণরোধে কাজ করার জন্য বিআরটিএ, আইন প্রয়োগকারী সংস্থা ও পরিবহন সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে এক সভায় তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

যেসব পরিবহন মালিক ও সমিতি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে, জনস্বার্থের ও যাত্রী স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের বিষয়ে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

কোরবানির ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত এ সভায় ঈদকে কেন্দ্র করে সংক্রমণ ছাড়ানোর ঝুঁকি এড়াতে জণগণকে সুরক্ষা দিতে দায়িত্বশীল সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এটি ধর্মীয় উৎসব হওয়ায় সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন বন্ধ করতে হবে এবং তা উৎসমুখেই নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা, মালিক-শ্রমিক প্রতিনিধি, টার্মিনাল প্রতিনিধি, বিআরটিএ, সিটি করপোরেশনসহ সকল অংশীজনকে নিয়ে যাত্রীদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিআরটিএ’র মোবাইল কোর্ট সার্বক্ষণিক মনিটর করবে। কোনো ধরনের অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে হবে। প্রতিটি ট্রিপ শেষে গাড়ির ভেতর ও বাইরে জীবাণুমুক্ত করতে হবে।

মন্ত্রী বলেন, যাত্রাপথে জ্বালানি সংগ্রহ ও জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি থামানো যাবে না। ঈদের ৩ দিন আগে থেকে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সড়ক ও মহাসড়কের ওপর এবং পাশে কোনোভাবেই পশুরহাট বসানো যাবে না বলেও জানান মন্ত্রী। ঈদের আগে ও পরে সিএনজি স্টেশনগুলো খোলা রাখতে জ্বালানি বিভাগকেও অনুরোধ জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়