ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ২১ জুলাই ২০২০

সাহাবউদ্দিনের এমডি ফয়সালসহ তিনজন পাঁচদিনের রিমান্ডে

ফাইল ছবি

ফাইল ছবি

অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেফতার রাজধানী গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামসহ তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর দুইজন হলেন- সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদি।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়।

এর আগে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করে র‌্যাব। মামলায় আসামি করা হয়- হাসপাতালের পরিচালক ফয়সাল আল ইসলাম, আটক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিসহ অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচজন।

গত রোববার বিভিন্ন অনিয়োমের অভিযোগে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় হাসপাতালটিতে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতিসহ করোনা নেগেটিভ ব্যক্তিকে পজিটিভ বলে ভর্তি রেখে অতিরিক্ত বিল করার প্রমাণ পায় র‌্যাব। এছাড়া বেশকিছু অসঙ্গতি পাওয়া যায়। অভিযান চালানোর পর গতকাল রাতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দুইজনকে আটক করা হয়।

অভিযান শেষে সারোয়ার আলম বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম ও অসঙ্গতি পেয়েছি সাহাবউদ্দিন হাসপাতালে। এরমধ্যে প্রতিষ্ঠানটির অ্যান্টিবডি টেস্টের কোনো অনুমোদন না থাকলেও তারা অনুমোদিত কিট  দিয়ে বিভিন্ন জনের অ্যান্টিবডি টেস্ট করেছে। অ্যান্টিবডি টেস্ট করার তাদের কোনো অনুমোদন ছিল না। কিন্তু তারপরও তারা সেটা করেছে। এজন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অভিযানে হাসপাতাল থেকে অসংখ্য অননুমোদিত কিট ও জাল রিপোর্ট উদ্ধার করে র‌্যাব। এসব কিট কীভাবে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি তারা। এছাড়া রিপোর্ট প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল ও কম্পিউটারে স্ক্যান করে বসিয়ে নিতো বলেও জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়