ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১০:৫৪, ২৩ জুলাই ২০২০

জমজমাট কোরবানির ডিজিটাল হাট

ঈদ-উল-আযহার রয়েছে মাত্র আর কয়েকদিন। প্রতিবছরই এই সময়টায় গরু ছাগলের হাট হয়ে ওঠে জমজমাট। বেশীরভাগ মানুষ এই সময়টাতে দরদাম করে সবচেয়ে ভালো কোরবানির পশু ক্রয় করতে চান। এবারের কোরবানির ঈদ অন্য সময়ের মতো নয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। তাই পরিস্থিতি মোকাবিলা করার জন্য এবার অনলাইনে ডিজিটাল হাটের উদ্যোগ নেয়া হয়েছে। 

রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট এখনও বসেনি। তবে এরই মধ্যে জমে উঠেছে ডিজিটাল হাট। ই-কমার্স প্ল্যাটফর্ম (মার্কেটপ্লেস), ই-কমার্স সাইট, ওয়েবসাইট, ফেসবুকভিত্তিক সাইটগুলোতে এরইমধ্যে কোরবানির পশুর বুকিং ও বিক্রি শুরু হয়ে গেছে। দেশের ক্রেতাদের পাশাপাশি বিদেশ থেকেও ক্রেতারা কোরবানির পশুর বুকিং দিতে শুরু করেছেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানগুলো ঈদের এক বা দু’দিন আগে ক্রেতাদের বাসায় বাসায় গিয়ে কোরবানির পশু পৌঁছে দেবে।

রাজধানীসহ প্রায় সারাদেশে বসিয়েছে ডিজিটাল হাট। ‘ফুড ফর নেশন’ ও ‘একশপ’-এর মাধ্যমে এবার সরকারিভাবে কোরবানি পশু বিক্রি করা হচ্ছে। বিভাগীয় কমিশনার, অনেক জেলার জেলা প্রশাসকের উদ্যোগে এবার স্থানীয়ভাবেও অনলাইনে কোরবানির পশু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তৈরি করা হয়েছে ওয়েবসাইট, অ্যাপস ইত্যাদি। তাছাড়া ফেসবুকনির্ভর পেজ তো আছেই।

এ বিষয়ে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  বলেন, ‘আমরা (আইসিটি বিভাগ) এটুআই, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ই-ক্যাবের সহযোগিতায় অনলাইন পশুর হাট ‘ডিজিটাল পশুর হাট’ চালু করেছি। ভালো সাড়াও মিলেছে। দেশব্যাপী চালু করা আমাদের  ফুড ফর নেশন (foodfornation.gov.bd) সাইটের মাধ্যমে কোরবানির পশু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে চার হাজারের বেশি গরু বিক্রি হয়েছে। আরও চার হাজার গরু সাইটে নিবন্ধিত হয়েছে। আইসিটি বিভাগের উদ্যোগে (এটুআই) ‘একশপ’ (ekshop.gov.bd) এরই মধ্যে দুই হাজার গরু নিবন্ধিত হয়েছে। এখনও হাতে সময় আছে। কোরবানির আরও  পশু এ সাইটে নিবন্ধিত হবে।’

কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে এসেছে ই-বাজার। ইকমার্সভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ই-বাজার সম্পর্কে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘‘কোরবানির পশু বিক্রির এখন যেসব অনলাইন প্ল্যাটফর্ম আছে সেগুলোর সঙ্গে ই-বাজারের পার্থক্য রয়েছে। এই প্ল্যাটফর্মে ক্রেতা-বিক্রেতার উভয়ের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের একটি সুযোগ রেখেছি আমরা। পশু অনলাইনে দেখার পর কেনার সিদ্ধান্ত নিলে ক্রেতা চাইলে পশুর মূল্য ই-বাজারের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এই মূল্য ই-বাজারে ‘হোল্ড’ অবস্থায় থাকবে। বিক্রেতার কাছ থেকে ক্রেতা পশু বুঝে পেয়ে আমাদের সিস্টেমে জানালেই কেবল আমরা বিক্রেতাকে তার মূল্য পরিশোধ করে দেবো। আবার বিক্রেতা পশু ডেলিভারি করে তার জন্য নিরাপদ এমন অবস্থানে গিয়ে ই-বাজারে তার অ্যাকাউন্টে থাকা টাকা উঠিয়ে নিতে পারবেন।’’

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়