ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৬:৪৫, ২৩ জুলাই ২০২০
আপডেট: ২১:৫৬, ২৩ জুলাই ২০২০

জাতিসংঘের পূর্বাভাস বাংলাদেশের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

‘বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই। যারা  বন্যার সঙ্গে পরিচিত নয় জাতিসংঘের পূর্বাভাস তাদের জন্য সহায়ক'। এমনটাই বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি ভিডিও কনফারেন্সে ভারতীয় হাইকমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারীতে আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন নির্মাণ উদ্বোধন করেন।

জাতিসংঘ আশঙ্কা করছে এ বছর সারাবিশ্বে বন্যা দীর্ঘায়িত হবে। এই ব্যাপারে তথ্যমন্ত্রী্র কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বন্যা নিয়ে বসবাস করি। বন্যাকে কীভাবে মোকাবিলা করতে হয় বাংলাদেশের মানুষ সেটি জানে। বন্যা আমাদের নিত্যসঙ্গী। জাতিসংঘের পূর্বাভাস যারা বন্যার সঙ্গে পরিচিত নয় তাদের জন্য সহায়ক।

কিন্তু বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই। আমরা বন্যার সাথে বসবাস করি কীভাবে মোকাবিলা করতে হয় সেটাও জানি এবং আমাদের কাছ থেকে অনেকে শিখতে পারে।’

দুর্যোগ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ- মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয় জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রতিনিয়তই একই ধরনের কথা বলেন। একই বাঁশি বহুদিন ধরে বাজাচ্ছেন। একই ঢোলের আওয়াজ আমরা তার মুখ থেকে দীর্ঘদিন ধরে শুনে আসছি। কিন্তু বাস্তবতা হচ্ছে করোনায় মৃত্যুর হার পৃথিবীর যে কয়টি দেশে কম তাদের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। এমনকি ভারত-পাকিস্তানের থেকেও বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কম। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে।’

তিনি বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা সঠিকভাবে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারেননি। সে ব্যর্থতা আমরা বার বার দেখেছি।’

ভিডিওকনফারেন্সে ভারতীয় হাইকমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারীতে আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন নির্মাণ উদ্বোধন করার সময় তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত সরকারকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এ ধরনের একটি প্রকল্প হাতে নিয়ে হাটহাজারীতে আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন নির্মাণ করার জন্য। উভয় দেশের সম্পর্ক অকৃত্রিম ও ঐতিহাসিক। ভারত সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অব্যাহতভাবে সহায়তা করে গেছে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়