ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪১, ২৪ জুলাই ২০২০

সাহেদের সহযোগীর দোষ স্বীকার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা টেস্ট না করে সার্টিফিকেট দেয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলায় মো. সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

শুক্রবার দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে শিবলীকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা র‌্যাব। শিবলী স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

৯ জুলাই ভোরে শিবলীকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব। পরের দিন ১০ জুলাই তার পাঁচ দিন এবং ১৬ জুলাই আরো সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ জুলাই সাহেদ ও রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলাটিতে এ তিন আসামি ছাড়াও আরো আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে আছেন।

৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানের সময় ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ৭ জুলাই রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করা হয়। ওই দিন সন্ধ্যায় হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর।

৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারায় মামলা দায়ের করে র‌্যাব। মামলায় হাসপাতালের মালিক সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়