ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৫২, ২৫ জুলাই ২০২০
আপডেট: ১৪:৫৭, ২৫ জুলাই ২০২০

মৎস্য খাত সমৃদ্ধকরণে সকলকে কাজ করতে হবে: স্পিকার

মৎস্য চাষীদের কল্যাণ নিশ্চিতকরণে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। মৎস্য খাতকে আরও উন্নত করতে মৎস্য চাষীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে তাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করতে হবে। দেশীয় পুষ্টির চাহিদা পূরণ করে অর্থনীতির চাকা সচল রাখতে মৎস্য খাতের সমৃদ্ধকরণে সকলকে কাজ করতে হবে। এমনটাই বললেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২৫ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। নদীমাতৃক বাংলাদেশের বড় সম্পদ মাছের উৎপাদন আরও বৃদ্ধি করার মাধ্যমে অর্থনীতিকে আরও বেগবান করতে হবে।

পরে স্পিকার সংসদ ভবন লেকে মৎস্য পোনা অবমুক্ত করেন। সংসদ ভবন লেকে চার প্রজাতির (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস) ছয় হাজার ৮৮০টি মাছের পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছলেম উদ্দিন আহমদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়