ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ২৪ আগস্ট ২০২০

আরেক দফা বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বর্তমান ছুটি শেষে এটি আরও বাড়ানো হতে পারে।

আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) এর পর এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। নতুন করে আরও ১৫ দিন ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত সচিব সোমবার (২৪ আগস্ট) জানান, আগামী ৩১ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ছুটি শেষ হবে। ছুটি শেষ হলে এটি আরও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবসহ বিভাগীয় প্রধানদের একটি ভার্চুয়াল সভা হয়েছে। 

তিনি বলেন, আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) চলমান পরিস্থিতির ওপর বিবেচনা করে ছুটি বৃদ্ধির বিষয়ে ঘোষণা দেয়া হতে পারে। নতুন করে আরও ১৫ দিন ছুটি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এর আগে গতকাল রোববার (২৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা খুবই কম।

পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা হবে না। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে ২৫ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর গত ১৮ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তারপর থেকে বেশ কয়েক ধাপে ছুটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলমান রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়