ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:৫০, ২৫ আগস্ট ২০২০
আপডেট: ১২:৩৫, ২৫ আগস্ট ২০২০

সি আর দত্তের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে মেজর জেনারেল (অবঃ) সি আর দত্তের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। রাষ্ট্রপতি তার শোকবার্তায় সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় আমেরিকার ফ্লোরিডায় চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম মারা যান। এর আগে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। তিনি ৪নং সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত।

চিত্তরঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। চিত্তরঞ্জন দত্ত ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কিছুদিন পর ‘সেকেন্ড লেফটেনেন্ট’ পদে কমিশন পান। ১৯৬৫ সালে সৈনিক জীবনে প্রথম যুদ্ধে লড়েন তিনি৷ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আসালং এ একটা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধ করেন তিনি। এই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করে।

মুক্তিযুদ্ধে তার ভূমিকা অনেক। ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী মনোনীত করা হয় এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেব দায়িত্ব দেয়া হয় এম.এ.জি ওসমানীকে। তিনি বাংলাদশেকে মোট ১১টি সেক্টরে ভাগ করে নেন। সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়স্তাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে ৪নং সেক্টর গঠন করা হয় এবং এই সেক্টরের কমান্ডার নিযুক্ত হন চিত্তরঞ্জন দত্ত।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়