ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ২৬ আগস্ট ২০২০

দ্বিতীয়বার করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে: স্বাস্থ্যের ডিজি

একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে যদিও সেটা খুব সামান্য বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার ( ২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসীসহ অধিদফতরের অন্যান্য লাইন ডিরেক্টররা উপস্থিত ছিলেন।

খুরশীদ আলম বলেন, ‘বাংলাদেশে সেকেন্ড ইনফেকশন বা দ্বিতীয়বার সংক্রমণ হয়েছে এমন লোকের সংখ্যা কম না। যদিও এ মুহূর্তে সে সংখ্যাটা কতজন সেটা দিতে পারবো না, কিন্তু আমি আমার পরিচিত অন্তত ১৫ থেকে ২০ জনের মতো জানি, যাদের দ্বিতীয়বার ইনফেকশন হয়েছে। প্রথমবার ইনফেকশন হয়ে ভালো হয়ে গিয়েছেন, এক থেকে দেড় মাস পার করেছেন। দ্বিতীয়বার আবার হওয়ার পর পরীক্ষা করে পজিটিভ এসেছে।’

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে এই পর্যন্ত মোট ৪ হাজার ৮২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৭ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯০ হাজার ১৮৩ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২ হাজার ১৪৭ জন শনাক্ত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়