ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ২৯ আগস্ট ২০২০

কলেজ না পাওয়া শিক্ষার্থীদের ফের আবেদন করতে হবে

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির কলেজ নিশ্চায়ন শুরু হয়েছে। এবার প্রথম ধাপে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তবে পছন্দের কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আরো ২ দিন অপেক্ষা করতে হবে। 

এছাড়া পছন্দের কলেজ না পাওয়া শিক্ষার্থীরা আগামীকালের মধ্যে ভর্তি নিশ্চিত করলে মাইগ্রেশনের (কলেজ বদল) সুবিধা পাবে। এতে আসন শূন্য থাকা সাপেক্ষে পছন্দের তালিকায় উপরের কলেজে স্বয়ংক্রিয়ভাবে বদলি হয়ে যাবে তারা। 

তবে আসন শূন্য না হলে মাইগ্রেশন হবে না।

অন্যদিকে কোনো কলেজেই চান্স না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় আবেদন করতে হবে। চান্স না পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৬৫ হাজার। আর পছন্দের প্রতিষ্ঠান না পাওয়া শিক্ষার্থী প্রায় ৫ লাখ।

এছাড়া আবেদন করেও কোনো প্রতিষ্ঠানে চান্স না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত আছে ৯ হাজার ২১৫ জন। এবার ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ২০ জনের আবেদন বাতিল হয়েছে।

বাকি ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জনের মধ্যে কলেজ-মাদরাসায় চান্স পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন। সেই হিসাবে ৬৪ হাজার ৯৭২ জন কোনো কলেজেই চান্স পায়নি। সারা দেশে ৭ হাজার ৫০২টি কলেজ ও মাদরাসায় এবার শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, চান্স পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় থাকতে হলে ২০০ টাকা জমা দিয়ে সুপারিশ পাওয়া প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বরাদ্দ বাতিল হয়ে যাবে। তাকে ভর্তির জন্য ফের দ্বিতীয় দফায় আবেদন করতে হবে। তিনি বলেন, ভর্তি নিশ্চায়নকারী শিক্ষার্থীই শুধু স্বয়ংক্রিয়ভাবে পছন্দের তালিকার উপরের দিকের কলেজে শূন্য আসনে মনোনয়ন বা মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে।

সাধারণত চান্স পাওয়াদের মধ্যে কেউ ভর্তি নিশ্চিত না করলে আসন খালি হয়।

৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেয়া হয়। ২৫ আগস্ট রাতে ওই আবেদনের ফল প্রকাশ করা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়