ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১

কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লেখক মুশতাক

লেখক মুশতাক আহমেদ

লেখক মুশতাক আহমেদ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বন্দি লেখক মুশতাক আহমেদ মারা গেছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশতাক আহমেদ। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুশতাক আহমেদকে মৃত ঘোষণা করেন। 

মুশতাক আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে একদল বিক্ষোভকারী। জানা গেছে, তারা আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে।

গত বছরের মে মাসে জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে রমনা থানায় তাদের দুই জনসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়