ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১

কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, আমরা সবাই দুঃখিত: ইসি সচিব

সংগৃহীত

সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন। ভোটগ্রহণ শেষে এমনটাই দাবি করে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবির খোন্দকার। একই সাথে বলেছেন ‘কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এ জন্য আমরা সবাই দুঃখিত।’ 

রোববারের নির্বাচনে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সহিংসতায় ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ছোটন অধিকারী। 

মো. হুমায়ুন কবীর বলেন, ‘২৯ পৌরসভা, চার উপজেলা পরিষদের উপনির্বাচন এবং জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্রের ভোট বন্ধ করা হয়নি। আমাদের রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল ঘণ্টায় ঘণ্টায় যে প্রতিবেদন পাঠিয়েছে তাতে এখন পর্যন্ত যা বুঝতে পেরেছি দেশে যে নির্বাচনটি হয়েছে, তা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।’

সৈয়দপুরে একজন নিহত হওয়ার প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এ জন্য আমরা সবাই দুঃখিত। সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে, কেন্দ্র থেকে দূরে, দু’টি গাড়ির মধ্যে, ছোটন অধিকারী নামের একজন ব্যক্তি ইন বিটুইন ৫২ টু ৫৮; আহত অবস্থায় ছিলেন। তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন কোনো ছিল না। সুরতহালে এ রকমই পাওয়া গেছে। কোনো আঘাতের চিহ্ন নেই। তার মৃত্যুর কারণটি জানতে গেলে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আমরা বলতে পারব। ভোটকেন্দ্র থেকে অনেক দূরে দুই প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। ’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কেমন হয়েছে সেটি আপনারাই বলতে পারবেন। আমি তো মনে করি ভোট ভালো হয়েছে। যদিও যে মৃত্যুটি হয়েছে সেটি কোনো পুলিশের গুলিতে হয়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এখন এই মৃত্যুটি কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্ত হলেই আমরা বুঝতে পারবো।’ 

ইউপি নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার ঘোষণা নিয়ে তিনি বলেন,‘ নির্বাচন কমিশন সব সময় চায় প্রতিটি ব্যক্তি, প্রতিটি দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন, নির্বাচন কমিশন সে বিষয়ে সহযোগিতা দেবে।’

বিএনপির এই ঘোষণায় ইসি কোনো প্রশ্নের মুখে পড়ল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি দেখা যাক। এখনো তো তফসিল ঘোষণা করিনি। তফসিল ঘোষণার সময় আমরা বিষয়টি দেখব।’

ভোটার দিবস উদযাপন নিয়ে ইসি সচিব বলেন, ‘আমাদের ভোটার দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো ১৮ বছর হলে ভোটার হতে আর দেরি নয়। এটি নিঃসন্দেহে তাদের জন্য একটা আনন্দের ব্যাপার। যারা ভোটার হবেন, এই নাগরিকরাই কিন্তু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবেন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়