ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ১ মার্চ ২০২১

পুলিশের সাথে সংঘর্ষ: ছাত্রদলের ১৩ নেতাকর্মী রিমান্ডে

সংগৃহীত

সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের গ্রেফতার ১৩ নেতাকর্মীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার (১ মার্চ) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার অতিরিক্ত মহানগর (এসিএমএম) আসাদুজ্জামান নূর তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- মঞ্জুরুল আলম, আতাউর রহমান, আরিফুল হক, মাসুদ রানা, শাহিরাজ, আনিচুর রহমান, আহসান হাবিব ভূঁইয়া রাজু, কবির হোসেন, মনোয়ার ইসলাম, খন্দকার অনিক, শফিকুল ইসলাম, আবু হায়াত মো. জুলফিকার, আতিফ মোর্শেদ ও রমজান।

মামলার এজহার সূত্রে জানা গেছে, কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রোববার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদল নেতাকর্মীরা বিনা অনুমতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করার চেষ্টা করে। পুলিশ বিক্ষোভকারীদের থামানো ও রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা প্রেস ক্লাবের ভেতরে ঢুকে অবস্থান নেন। তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়।  

এদিকে এই ঘটনায় বিএনপির ৪৭ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। রোববার দিনগত গভীর রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলাটি করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়