ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩, ৩ মার্চ ২০২১
আপডেট: ১২:৩০, ৪ মার্চ ২০২১

টিকাদান কর্মসূচিতে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ’

নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ও প্রধানমন্ত্রী

নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ও প্রধানমন্ত্রী

করোনার টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। একই সাথে করোনা নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন এই দূত।

বুধবার (৩ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন জেরেমি ব্রুয়ার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘টিকা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকেও এগিয়ে। অন্যান্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিজেও ঢাকায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন হাইকমিশনার জেরেমি।’

এসময় প্রধানমন্ত্রী হাইকমিশনারকে বলেন, ‘বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার সমাজের সর্বস্তরের জনগণ তথা স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি,আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সবাইকে কাজে লাগিয়ে সময়োচিত পদক্ষেপের মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়েছে।’

মুক্তিযুদ্ধের সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় যেসব দেশ বাংলাদেশকে আগে স্বীকৃতি দেয় তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম।’

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠেয় সমুদ্রযাত্রায় অংশগ্রহণে তার দেশের আগ্রহের কথা জানান জেরেমি। এ সময় অস্ট্রেলিয়া ক্রিকেট দল এ বছর টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট দলেরও প্রশংসা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়