ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ৪ মার্চ ২০২১

অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সীমান্ত হত্যা: জয়শঙ্কর

সংগৃহীত

সংগৃহীত

সীমান্তে হত্যার কারণ হিসবে অপরাধমূলক কর্মকাণ্ডকে দেখছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এমন কথা জানান।

জয়শঙ্কর বলেন, “প্রকৃতপক্ষে সীমান্ত হত্যাকাণ্ড ভারতের অভ্যন্তরে ঘটে থাকে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক। কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করেছি, সমস্যার মূল কারণ কী এবং এটি হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। আমাদের দুই পক্ষের অভীষ্ট লক্ষ্য হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত, যাতে সীমান্তে হত্যাকাণ্ড না হয়। আমার ধারণা, আমরা দুই পক্ষ এই সমস্যার সমাধান করতে পারব।”

এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে মূল আলোচনা হয়েছে। বঙ্গবন্ধু-বাপু জাদুঘর উদ্বোধন করা হবে। টিকা সরবরাহের জন্য ভারতকে বাংলাদেশ ধন্যবাদ জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সফরে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক, সংযুক্তি (কানেকটিভিটি) ও মানুষে মানুষে যোগাযোগের বিপুল সম্ভাবনা রয়েছে।

অভিন্ন নদীর পানিবণ্টন বিষয়ে জানতে চাইলে বলেন, পানি নিয়ে ভারত সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এটি নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই পানিসচিব পর্যায়ের বৈঠক হবে।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আসার কথা রয়েছে। সেই সফরকালের আলোচ্যসূচি নির্ধারণে ঢাকা এলেন জয়শঙ্কর। আজই তার দেশে ফেরার কথা রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়