ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৩, ৮ মার্চ ২০২১
আপডেট: ১৬:১৯, ৯ মার্চ ২০২১

সংবাদ পাঠ করলেন ট্রান্সজেন্ডার তাসনুভা

তাসনুভা আনান শিশির। সংগৃহীত

তাসনুভা আনান শিশির। সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে সংবাদ পাঠ করলেন তাসনুভা আনান শিশির। আন্তর্জাতিক নারী দিবসে নতুন এই দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টিভি। 

সোমবার (৮ মার্চ) দুপুর ১২ টায় প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করেছেন তাসনুভা। জানা গেছে, আবার বিকেল ৪ টায় তিনি সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন।

বুলেটিনের শুরুতে তাসনুভা বলেন, 'আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দেশের গণমাধ্যম বৈশাখী টেলিভিশন এবং আমার জন্য আজ এক মাইলফলক ছোঁয়ার বিশেষ দিন। দেশের প্রথম একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে পেশাদার সংবাদ পাঠে দর্শকদের সামনে হাজির হয়েছি। চিরকালীন অচলায়তন ভেঙে এমন ইতিহাস গড়বার জন্য বৈশাখী টেলিভিশনের প্রতি আপনাদের ভালোবাসা প্রত্যাশা করে শুরু করছি সংবাদ শিরোনাম।'

বৈশাখী কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা জানি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণে সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে  ট্রান্সজেন্ডাররা অন্যতম, যাদেরকে চিরাচরিতভাবে হিজড়া বললে আমাদের সমাজে সকলেই বোঝেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই অবহেলিত নাগরিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নিয়েছেন। ভোটার তালিকায় তারা এখন নারী বা পুরুষ হিসেবে নয় সরাসরি হিজড়া পরিচয়েও নিজেদের নাম নিবন্ধন করার অধিকার পেয়েছেন। বিপুল সংখ্যক হিজড়াকে সরকার ভাতাও দিচ্ছে। তবে আমরা মনে করি ট্রান্সজেন্ডারদের ধারাবাহিক ও স্থায়ী উন্নয়নের ধারা নিশ্চিত করতে সবার মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি।

এমনই এক পরিবর্তন নিয়ে সংবাদ পাঠিকা হিসেবে তাসনুভার পথচলা শুরু হয়েছে। তিনি এখন থেকে নিয়মিত সংবাদ পাঠ করবেন।

ট্রান্সজেন্ডার আরেক নারী নুসরাত জাহান মৌ একটি ধারাবাহিক নাটকের মূল নারী চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ‘চাপাবাজ’ নাটকটি সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে। নাটক প্রতি সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়