ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ৮ মার্চ ২০২১

মোংলায় পৌঁছেছে ভারতীয় দুই যুদ্ধ জাহাজ

সংগৃহীত

সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভারতীয় নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেদা’ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সোমবার (৮ মার্চ) তিন দিনের সফরে জাহাজ দুটি বাংলাদেশে পৌঁছায়।

বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন জানায়।

বাংলাদেশ নৌ বাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ভারতীয় জাহাজ দু’টির অধিনায়কদের স্বাগত জানান।

জানা গেছে, এই সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু ও জাহাজ দুইটির অধিনায়ক টুঙ্গিপাড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুইটি ভারতীয় নৌবাহিনীর পক্ষ হতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বানৌজা পদ্মা ও পলাশে ব্যবহৃত ৪১/৬০ মি:মি: গান এবং এ্যাকুয়াসটিক এমকে-০৭ মাইন শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করবেন।

এসব গান ও মাইন যুদ্ধকালীন সময়ে মোংলা ও পশুর নদীতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় ব্যবহৃত হয়েছিল। সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এসব সরঞ্জামাদি প্রদান করা হবে।

১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ কুলিশ জাহাজের নেতৃত্বে রয়েছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রী এবং ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিকসহ সুমেদা জাহাজের নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল। আগামী ১০ মার্চ জাহাজ দুইটি বাংলাদেশ ত্যাগ করবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়