ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ১০ মার্চ ২০২১
আপডেট: ১৬:০৬, ১০ মার্চ ২০২১

দুই মাস পর দেশে দৈনিক শনাক্ত এক হাজার ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের সংখ্যা। দুই মাস পর একদিনে দেশে করোনা শনাক্ত এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৭ জন।

বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।

এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি এক হাজারের বেশি শনাক্ত দেখেছিল বাংলাদেশ। সেদিনের পর শনাক্তের সংখ্যা কমতির দিকে ছিল। কিন্তু সম্প্রতি আবারও বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা।

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৯৬ জনে।  

একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে আরও ১৭ হাজার ৩২ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ২৬৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬ হাজার ৬১৩ জনে।

করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা অনুসারে- প্রথমত, যে যেখানেই থাকেন না কেন, করোনার টিকা নেন বা না নেন, সবাই যেন অবশ্যই মাস্ক পরেন। দ্বিতীয়ত, যথাসম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে এবং তৃতীয়ত, জনসমাগম যেখানে হচ্ছে, সেখানে যেন নির্ধারিত সংখ্যক মানুষ থাকে। কারও যেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি যেন ঠিকমতো মানা হয়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়