ঢাকা, রোববার   ৩১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১৩:৪৫, ৩১ আগস্ট ২০১৯
আপডেট: ১৫:৪০, ৩১ আগস্ট ২০১৯

ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যু: কি বলছে পুলিশ-চিকিৎসক?

চাঁদপুরে মসজিদে ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যুর বিষয়ে একই রকম মন্তব্য আসছে পুলিশ ও চিকিৎসকের কাছ থেকে। মরদেহগুলোর ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হতে পারে। এদিকে পুলিশও একই ধারণা ব্যক্ত করেছে।

এর আগে, গতকাল চাঁদপুরের মতলব উপজেলায় পূর্ব কলাদিয়া জামে মসজিদ ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় মতলব থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মরদেহের ময়নাতদন্তকারী ও চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সুজাউদ্দৌলা রুবলে বলেন, ইমামের ওই কক্ষে ইউপিএসেরে ব্যাটারির কারণে বা অন্য কোনো কারণে অক্সিজেনের অভাব দেখা দেয়ায় শিশুদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, মসজিদের ফ্যান, লাইট, মাইক চালানোর জন্য ব্যবহারের ইউপিএস ছিল ওই কক্ষে। মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলেসহ তিন শিশু ওই কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা ভাঙলে তাদের মরদেহ মেলে।

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির শনিবার এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বলেন, আমাদের প্রাথমিক ধারণা, ওই কক্ষে যে ব্যাটারি ছিল তা থেকে কোনো কারণে কেমিকেল রিঅ্যাকশনের ফলে যদি কার্বনডাই-অক্সাইড বা অন্য কোনো কেমিকেল উৎপাদন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে, অক্সিজেন নিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এটি আমাদের প্রাথমিক ধারণা। সিআইডিও আমাদের এমন একটি প্রাথমিক ধারণা দিয়ে গেছে।

সিআইডির অপরাধ তদন্ত দল ও ফরেনসিক টিম প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে জানিয়ে তিনি বলেন, তারা ঢাকায় গিয়ে সেগুলো পরীক্ষা করে প্রতিবেদন দেবেন। সেই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্তে আসা যাবে।

শুক্রবার জুমার নামাজের পর মতলবের পূর্ব কলাদি জামে মসজিদের ইমাম জামাল উদ্দিনের কক্ষ থেকে তার ছেলে আব্দুল্লাহ আল নোমান (৮), মতলবের ভাঙরপাড় মাদ্রাসার নূরানি তৃতীয় শ্রেণির ছাত্র মতলবের কাশিমপুর এলাকার মো. ইব্রাহিম পাটওয়ারী (১২) এবং মতলবের উত্তর নলুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র মো. রিফাত প্রধানিয়ার (১৫) মরদেহ উদ্ধার করা হয়।

আইনিউজ/এসবি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়