ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৫২, ১১ এপ্রিল ২০২১

মামুনুলের `ব্যক্তিগত` বিষয় নিয়ে বহিষ্কার বা অব্যাহতি নয়: হেফাজত

আলোচিত নেতা মাওলানা মামুনুল হক বিষয়ে হেফাজতে ইসলাম বৈঠকে বসেছে বলা হলেও সেই বৈঠকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলে দাবি করেছেন হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী।

রোববার (১১ এপ্রিল) বিকালে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের বৈঠক শেষে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন বাবুনগরী। এ সময় হেফাজতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মামুনুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তার ব্যক্তিগত বলে জানিয়ছেন জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, ‘আজকের বৈঠকে কাউকে বহিষ্কার বা অব্যাহতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’ রবিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকের পর জুনায়েদ বাবুনগরী এসব বলেন। 

বৈঠক থেকে হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়েছে। এ ছাড়া আগামী ২৯ মে হাটহাজারী মাদ্রাসায় ওলামা-মাশায়েখ সম্মেলন হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

লকডাউনেও কওমি মাদ্রাসা বন্ধ না করা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নেতাকর্মীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন বিষয়ে সভার সিদ্ধান্তের কথা জানান সংগঠনের কেন্দ্রীয় আমির। এক পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করেন মাওলানা মামুনুল হক বিষয়ে।

এ সময় বাবুনগরী বলেন, ‘আজকের বৈঠকে আমরা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো আলোচনা করিনি।’ এ সময় সাংবাদিকরা মামুনুল হকের ব্যাপারে হেফাজতের বক্তব্য জানতে চাইলে বাবুনগরী বলেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই।’

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন স্থানীয় কিছু মানুষের দ্বারা। তিনি তখন দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে খবর পেয়ে হেফাজতে ইসলামের সমর্থকেরা ব্যাপক তাণ্ডব চালিয়ে মামুনুল হককে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়